কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আমানউল্লাহ আমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও মানুষের সুস্থ জীবনের জন্য পরিবেশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও বৃক্ষরোপণ ও এর রক্ষণাবেক্ষণে এগিয়ে আসা প্রয়োজন। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
এসময় আমানউল্লাহ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর আদর্শ ও পথ অনুসরণ করেই জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য।
তারেক রহমানের দেখানো পথ আমাদের জন্য দিকনির্দেশনা। আমরা সেই পথ অনুসরণ করে সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং তাদের সেবা করতে চাই।
তিনি আরও আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সাদাসিধে জীবনযাপন করছেন, আমরা সেটিও অনুসরণ করার চেষ্টা করছি। নেতৃত্বের এই সরলতা আমাদের অনুপ্রাণিত করে। জনগণের সেবার জন্য রাজনীতিতে এসেছি,জনগণের কল্যানে কাজ করে যাবো।
তিনি দাবি করেন, তারেক রহমানের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান, খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, কেরানীগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হারুন উর রশিদ এবং উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।