ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার ডুবে পাহারাদারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার ডুবে পাহারাদারের মৃত্যু

শাহীন রেজা টিটু-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর একটি শাখা খালে ড্রেজার ডুবে হোসেন মিয়া (৬০) নামের এক পাহারাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার উলচাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে ড্রেজারের অন্যান্য কর্মীরা ছুটিতে থাকায় হোসেন মিয়া একাই পাহারাদারের দায়িত্ব পালন করছিলেন।

শনিবার রাতে তিনি ড্রেজারের ভেতরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ করে ড্রেজারটি ডুবে গেলে তিনি ভেতরেই আটকা পড়েন।পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তিতাস নদীর সংলগ্ন কুরুইল্লা খাল থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতেপ চন্দ্র দাস জানান, এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হাসপাতাল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদী ও খালপাড়ে ড্রেজার পরিচালনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন

..

Leave a reply

Minimum length: 20 characters ::