ঠাকুরমান্দার রঘুনাথ জিউ মন্দিরে ভক্তদের ঢল, ৪ এপ্রিল শেষ হচ্ছে উৎসব

ঠাকুরমান্দার রঘুনাথ জিউ মন্দিরে ভক্তদের ঢল, ৪ এপ্রিল শেষ হচ্ছে উৎসব

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুরমান্দার রঘুনাথ জিউ মন্দিরে রাম নবমী উপলক্ষে হাজারো ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ভোর থেকেই পূজা-অর্চনার মধ্য দিয়ে মন্দিরের মূল ফটক খুলে দেওয়া হয়। দিনভর কীর্তন, প্রসাদ বিতরণ ও বিশেষ ভোগ নিবেদনে মুখর ছিল মন্দির প্রাঙ্গণ।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই তীর্থস্থানে রাম নবমীর মূল অনুষ্ঠানে যোগ দেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি।
স্থানীয় প্রবীণরা জানান, এক সময় মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া শিবনদে গঙ্গা স্নান সেরে পদ্মপাতা মাথায় নিয়ে ঠাকুর দর্শনে যেতেন ভক্তরা। কালের বিবর্তনে নদী ও বিলের সেই জৌলুস কমলেও কমেনি ভক্তদের ভক্তি। এখন মন্দির সংলগ্ন পুকুরে স্নান সেরে মানত পূরণ ও পূজা দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান। উৎসবকে কেন্দ্র করে ঠাকুরমান্দা বাজারে বসেছে গ্রামীণ মেলা, যা দর্শনার্থীদের বাড়তি বিনোদন জোগাচ্ছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক জানান, শুক্রবার ভোরে আনুষ্ঠানিকতার পর মন্দির উন্মুক্ত করা হয়। দিনভর ভক্তদের জন্য পদাবলী কীর্তন ও ভজন সংগীতের বিশেষ আয়োজন রাখা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার বলেন, “ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়াও দুই শতাধিক স্বেচ্ছাসেবী মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, আগামী ৪ এপ্রিল লক্ষণ ভোগের মধ্য দিয়ে দীর্ঘ ৯ দিনের এই ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::