পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫

পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫

সমাচার ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। বাসটি ওপরে ওঠানো হয়েছে দুর্ঘটনার ৬ ঘণ্টা পর।

আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলা প্রশাসন সর্বশেষ প্রাণহানির এ খবর দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী, ৮টি শিশু ও ৬ জন ছয়জন পুরুষ।

রাতেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু হয়। সকালেও হস্তান্তর করা হয়েছে বেশ কয়েকটি মরদেহ। এখনও কয়েকজন নিখোঁজ বলে দাবি স্বজনদের।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান জানান, ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকসহ তিনজনের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি টেনে ওপরে তোলে। বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। সাড়ে ১১টা নাগাদ পুরো বাসটি জাহাজ হামজার ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট, ১০ জন ডুবুরি, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন অংশ নেয়।

রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যায় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে। সব মিলিয়ে বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন।

পদ্মায় বাস ডুবির ঘটনা তদন্তে রাতে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। জেলা প্রশাসক সুলতানা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ তদন্ত কমিটির কথা জানানো হয়। কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক তিন কার্যদিবসের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রাণ হারালেন যারা

রাজবাড়ী পৌরসভার লালমিয়া সড়ক ভবানীপুর এলাকার রেহেনা আক্তার, তাঁর ছেলে আহনাফ তাহমিদ খান, কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড মজমপুর গ্রামের মর্জিনা খাতুন, কুষ্টিয়া সদর উপজেলার খাগড়বাড়ীয়া গ্রামের রাজীব বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের জহুরা অন্তি, একই মহল্লার কাজী সাইফ, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের মর্জিনা আক্তার, তাঁর মেয়ে সাফিয়া আক্তার রিন্থি, কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের শিশু সন্তান ইস্রাফিল, রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের সন্তান ফাইজ শাহানূর, রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা মহল্লার কেবিএম মুসাব্বিরের শিশু সন্তান তাজবিদ, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের গাড়িচালক আরমান খান, রাজবাড়ীর কালুখালী উপজেলার মহেন্দপুর ইউনিয়নের বেলগাছি গ্রামের নাজমিরা ওরফে জেসমিন, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লিমা আক্তার, একই ইউনিয়নের চর বেনিনগর গ্রামের জোৎস্না, গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের নোয়াধা গ্রামের মুক্তা খানম, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মথুয়ারাই গ্রামের নাছিমা, ঢাকার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড়া গ্রামের আয়েশা আক্তার, রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার শিশু সন্তান সোহা আক্তার, কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর ইউনিয়নের গিয়াস উদ্দিনের শিশু সন্তান আয়েশা সিদ্দিকা, ঝিনাইদহর শৈলকুপা উপজেলার কাচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের শিশু সন্তান আরমান, রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দপুর গ্রামের আব্দুল আজিজের শিশু সন্তান আব্দুর রহমান ও রাজবাড়ী সদর উপজেলার দাদশি ইউনিয়নের আগমারাই গ্রামের শরিফুল ইসলামের শিশু সন্তান সাবিত হাসান (৮) এবং ব্যবসায়ী উজ্জ্বল।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::