টেকনাফের শীলখালীতে ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১

টেকনাফের শীলখালীতে ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১
২৮ হাজার পিস ইয়াবা আটক মোঃ শাহীন (১৮)-ছবিঃ ফরহাদ রহমান

২৪ মার্চ ২০২৬

ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ শীলখালী এলাকায় প্রাইভেটকারে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ শাহীন (১৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার মহেশখালী পাড়া গ্রামের আবুল ফয়েজের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি জানান, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ড্রাইভিং হুইলের কাপবোর্ডের পেছনে কালো কসটেপ দিয়ে মোড়ানো ১৪টি প্যাকেট থেকে মোট ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে প্রাইভেটকারের চালক মোঃ শাহীনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তা নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক আসামি ও জব্দকৃত আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্রে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীটি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার অঞ্চলের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::