ফরহাদ রহমান -টেকনাফ প্রতিনিধ : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গোলাবারুদ ও ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ এক মাদক ও অস্ত্র পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-উখিয়া সড়কের রঙ্গিখালী বাজার এলাকা থেকে জাদিমুড়া বাজারগামী একটি সন্দেহভাজন অটোরিকশাকে নজরদারিতে নেয় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় লেদা ও মুছনী বাজার এলাকায় আগে থেকেই অবস্থান নেয় বিশেষ অভিযানিক দল।
ইফতারের পরপরই অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে বিজিবির মোটরসাইকেল টহল দল সেটিকে অনুসরণ করে এবং মুছনী বাজারে অবস্থানরত দলকে সংকেত দেয়। পরে সেখানে পৌঁছামাত্র অটোরিকশাটির গতিরোধ করে চালককে আটক করা হয়।

তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে অপর একটি প্যাকেট থেকে প্রায় ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
আটক ব্যক্তি আব্দুল আলীম তাহের (২৮), তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওহাববাড়াং গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, অভিযানে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক ও কৌশলগত পদক্ষেপের ফলে অভিনব পদ্ধতিতে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
..