শাহীন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ : ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের স্থগিত থাকা ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাত প্রায় ২টার দিকে প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট আব্দুল মালেক আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সমিতির মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা, ৭টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা এবং ১টি পদে জামায়াতপন্থি প্রার্থী জয়লাভ করেছেন।জানা গেছে, নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ঘোষণা করে অংশ নিলেও আওয়ামী লীগ আনুষ্ঠানিক কোনো প্যানেল ঘোষণা করেনি।
ফলাফলে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে সভাপতি পদে অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট ইউসুফ কবির ফারুক, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে মো. আব্দুল হাই, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবু ছালেহ মোহাম্মদ ফাহাদ, কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে রাকিব হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে আফরোজা বেগম এবং সদস্য পদে রেজাউল করিম জয়লাভ করেছেন।
অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সহসভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক-১ পদে মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক-২ পদে মো. জাকির হোসেন অনিক, পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক পদে জসিম উদ্দিন, অডিটর পদে মোহাম্মদ আল মামুন এবং সদস্য পদে আল আমিন ও ফোরকান উদ্দিন বিজয়ী হয়েছেন।এছাড়া জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে সদস্য পদে মোহাম্মদুল্লাহ জয়লাভ করেন।
গত ১২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এতে মোট ৬৮৯ জন ভোটারের মধ্যে ৬৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনার সময় দুই শতাধিক ভোট গণনার পর সিনিয়র সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সুধীর চন্দ্র ঘোষ ত্রুটিপূর্ণ ব্যালটের অভিযোগ তুলে লিখিত আপত্তি জানান। এ কারণে সাময়িকভাবে ভোট গণনা স্থগিত করা হয়।
পরবর্তীতে রোববার রাতে আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় ভোট গণনা করা হলে রাত প্রায় ২টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
..