মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান,তারাব পৌরসভার খাদুন এলাকায় অবস্থিত ভুঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। কিন্তু তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত বোনাস এখনো পরিশোধ করা হয়নি। কয়েক দফা আশ্বাস দেওয়া হলেও মালিকপক্ষ নানা অজুহাতে বেতন-ভাতা পরিশোধে টালবাহানা করে আসছিল।
বুধবার সকালে কারখানায় এসে তারা জানতে পারেন আগামী ১৮ মার্চ বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের বিষয়ে মালিকপক্ষ আগামীকাল দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে কারখানায় ফিরে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
..