ঢাকাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহীন রেজা টিটু  – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সিনিয়ার সহ সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ কামরুজ্জামান এবং সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির সহ সমিতির নেতৃবৃন্দ। এছাড়াও ঢাকায় বসবাসরত নবীনগরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান নবীনগরকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে ঢাকাস্থ নবীনগর কল্যাণ সমিতির সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, নবীনগরের উন্নয়নে দেশের বিভিন্ন স্থানে বসবাসরত নবীনগরবাসীর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে সিলেট ও চট্টগ্রামে বসবাসরত নবীনগরের মানুষদের কাছেও তিনি সহযোগিতা চেয়েছেন।
তিনি আরও বলেন, “আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং নবীনগরকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলি।”

এ সময় তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছেন বলেও উল্লেখ করেন।
ইফতার মাহফিলে নবীনগরের সার্বিক উন্নয়ন, সম্প্রীতি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

..

Leave a reply

Minimum length: 20 characters ::