ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পণ্ড অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পণ্ড অনুষ্ঠান

শাহীন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর গরু বাজারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন এবং অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় ইউনিয়ন বিএনপি এই ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নাম ব্যানারে না থাকা এবং তাকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিয়ে শুরু হয় উত্তেজনা।

ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু কিছু নেতাকর্মীর সমালোচনা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে শরীফুল হক স্বপন তার সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে আপত্তি জানান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে চেয়ার ও পানির বোতল নিক্ষেপসহ সংঘর্ষ বেঁধে যায়।

এ ঘটনায় ইফতারে অংশ নিতে আসা মুসল্লি ও কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা প্যান্ডেল ছেড়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা দৈনিক সমাচারকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ব্যানারে নাম না থাকা নিয়েই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::