মুহাম্মাদ আরিফুর রহমান রণি – ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আল-আমীন (৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে বেধড়ক মারধর ও হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয় মাওদুদ সিকদার ওরফে মনু সিকদারের বিরুদ্ধে এই চাঁদাবাজি ও হামলার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।
রবিবার (৮ মার্চ) সকালে রাজাপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আল-আমীন লিখিতভাবে এই অভিযোগ জানান। আল-আমীন উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং নৈকাঠী এলাকার মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় নৈকাঠি বাজারে সবজির ব্যবসা করেন।
সংবাদ সম্মেলনে আল-আমীন জানান, প্রায় পাঁচ মাস আগে মাওদুদ সিকদার তাকে পথরোধ করে বাজারে ব্যবসা করার জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সে সময় বাধ্য হয়ে তিনি ১০ হাজার টাকা দেন। গত ৩ মার্চ সন্ধ্যায় মাওদুদ পুনরায় বাকি ১০ হাজার টাকার জন্য চাপ দেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।
৪ মার্চ বেলা সাড়ে ১১টায় মাওদুদ সিকদার বাজারে গিয়ে তাকে সবার সামনে মারধর করেন। একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় মাওদুদ ও তার দলবল আল-আমীন এবং তার ভাই শহিদুলের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায়।
সেখান থেকে তারা প্রাণে বেঁচে ফিরলে দেশীয় অস্ত্রসহ অভিযুক্তরা তাদের বাড়িতে চড়াও হয়। বাড়িতে কাউকে না পেয়ে তারা আল-আমীনের হাত কেটে নেওয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।
আল-আমীন দাবি করেন, মাওদুদ ও তার বাহিনীর ভয়ে এলাকার অনেকেই তটস্থ থাকলেও শাস্তির ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে অভিযুক্ত মাওদুদ সিকদার মনুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
..