ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে পাওনা টাকার জেরে তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে পাওনা টাকার জেরে তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শাহীন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নাসিরনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার (৩ মার্চ) রাতে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে।

কিন্তু পূর্বের ঘটনার জের ধরে বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার বাসিন্দারা আরস মিয়ার লোকজনের ওপর হামলা চালায়। মুহূর্তেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে চলা এ সংঘর্ষে ৫০ জনেরও বেশি লোক আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া আশঙ্কাজনক কয়েকজনকে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম দৈনিক সমাচারকে জানান, পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে আরস মিয়ার লোকজন নূরধন মিয়াকে মারধর করে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করলেও বুধবার সকালে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ ঘটনায় এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::