কেরানীগঞ্জ ,ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জমি দখলের চেষ্টা ও মসজিদের ভেতরে ঢুকে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্য খাড়াকান্দি ভেন্ডিঘাট এলাকায় হাজী তাজুল ইসলামের দুই মেয়ে তানজিল ইসলাম ও খাদিজা ইসলামের নামে বৈধভাবে ক্রয়কৃত প্রায় ৩৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। গত ২০ ফেব্রুয়ারি সকালে মোঃ জাহাঙ্গীর, মহিউদ্দিন মিলন, তিতাস, আমিনুর, সজিব, হৃদয় সিকদার আরমানসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে ওই জমিতে প্রবেশ করে নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে জমির মালিক হাজী তাজুল ইসলাম ঘটনাস্থলে গেলে অভিযুক্তদের না পেয়ে পাশ্ববর্তী খাদিজাতুল কোবরা জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে তাকে, তার ছেলে, মসজিদের খতিব রাফিআল ইসলাম ও গাড়িচালক মনির হোসেনকে মারধর করে আহত করে বলে অভিযোগ রয়েছে।
এসময় হামলাকারীরা নির্মাণ কাজে ব্যবহারের জন্য রাখা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীর দাবি, মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার দাবি করেছেন।