চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ফোরাম–এর ইফতার বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ফোরাম–এর ইফতার বিতরণ
নাঈম হোসেন দূর্জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ফোরাম (কার্ফ)। মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি (৬ রমজান ১৪৪৭ হিজরি) সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুইটি মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী এবং সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যবৃন্দ ও সম্মানিত উপদেষ্টাদের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া হিফজখানা ও এতিমখানা এবং জোবরা নূরানী তা’লিমুল কুরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এর শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকার সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝেও ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ফোরাম (কার্ফ) এর উপস্থিত সদস্যরা জানান, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
আয়োজন সম্পর্কে সংগঠনটির তরফ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি আমরা মানবিক উদ্যোগকে সমান গুরুত্ব দিয়ে থাকি। এতিম ও হেফজখানার শিক্ষার্থী এবং পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। পবিত্র রমজানের এই মহিমান্বিত সময়ে ছোট ছোট আনন্দ ভাগাভাগির মধ্য দিয়েই সমাজে সহমর্মিতা ও ত্যাগের চেতনা আরও বিকশিত হবে।
কার্ফের নেতৃবৃন্দ আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি এ ধরনের উদ্যোগে পাশে থাকার আহ্বান জানান।
..

Leave a reply

Minimum length: 20 characters ::