আবুল কালাম আজাদ,রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, জেলার সকল ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে ।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে উপজেলার ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো হয়েছে। গত মঙ্গলবার থেকে এসব উপকরণ নির্ধারিত কেন্দ্রগুলোতে সরবরাহ করা হচ্ছে এবং ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর অব্যহত আচ্ছে।এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
রাজশাহীর ছয়টি আসনে মোট ১৬,১১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশ ৩,৯৮২ জন, বিজিবি ৭৬০ জন, র্যাব ১৪৭ জন, সেনাবাহিনী ১,১১০ জন এবং আনসার ১০,১১৪ জন রয়েছেন।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জিয়াউল হক খান জানিয়েছেন, ভোট শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি কেন্দ্রকে গুরুত্বসহকারে দেখা হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আখতার জানান, সীমান্তবর্তী তিনটি উপজেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৭৭৮টি, যেখানে ২২ লাখ ৯১ হাজার ২০১ জন ভোটার রয়েছে। এই আসনগুলোতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।