শুধু ভোট দিলেই সমাধান নয়, জনগণকে পাশে থাকতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

শুধু ভোট দিলেই সমাধান নয়, জনগণকে পাশে থাকতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা)  প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৩ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শেষ দিনের প্রচারণায় ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে কেরানীগঞ্জ এলাকায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে  কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপির পার্টি অফিসের সামনে ন মিছিলের আগে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শুধু ভোট দিলেই সব সমস্যার সমাধান হবে না, জনগণকে নির্বাচনের আগেও এবং পরেও তার পাশে থাকতে হবে।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘জনগণের কথায় সরকার চলবে। আমরা আকাশকুসুম স্বপ্ন দেখতে চাই না, বাস্তবতার আলোকে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ রাজনীতি পরিচালনা করতে চায় বিএনপি। যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, তিনি তাদের ঘৃণা করেন। স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করলেও ভোটারদের এসব উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘ভোট দেওয়া শুধু অধিকার নয়, ভোটের ফলাফল রক্ষা করাও জনগণের দায়িত্ব।’

গণমিছিলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি কখনো পথ হারিয়ে ফেলি, আপনারা পথ দেখিয়ে দেবেন। আমাদের ভুলত্রুটি ধরিয়ে দেবেন। গণমাধ্যমের এই ভূমিকা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এ ছাড়া এবারের নির্বাচনে অংশগ্রহণ করা অন্যান্য প্রার্থীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি আশা প্রকাশ করেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গণমিছিল ও সমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারা নানা স্লোগান ও প্ল্যাকার্ড বহন করে নির্বাচনী গনমিছিলে  অংশ নেন। #

..

Leave a reply

Minimum length: 20 characters ::