শাহজাদপুরে ১১ দলীয় জোটের জনসভা: ভোটাধিকার ও নারী অধিকার নিয়ে কঠোর বক্তব্য হাসনাত আবদুল্লাহর

শাহজাদপুরে ১১ দলীয় জোটের জনসভা: ভোটাধিকার ও নারী অধিকার নিয়ে কঠোর বক্তব্য হাসনাত আবদুল্লাহর
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে রোববার দুপুরে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান আলোচকের বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে নারীদের হিজাব ও বোরখা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, ‘গত এক মাস ধরে আমরা দেখছি একটি দল আমাদের মা-বোনদের হিজাব ও বোরখা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। যারা আজ নারীদের পোশাক নিয়ে হস্তক্ষেপ করছে, তারা ক্ষমতায় গেলে দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করবে।’
ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটকেন্দ্র দখলের সংস্কৃতি বন্ধ করতে হবে। তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে কেউ যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে জনগণ তা প্রতিহত করবে। প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে।’
তরুণ সমাজকে দুর্বল করার চেষ্টার অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি মহল তরুণ প্রজন্মের অগ্রযাত্রা থামাতে চায়। পুরোনো রাজনীতির ধারক, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্বার্থ রক্ষায় তরুণদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই লড়াইয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের উদ্দেশে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের আস্থা ফেরাতে প্রশাসনকে জনতার পাশে দাঁড়াতে হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হলে জনগণই প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করবে।’
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক সাংবাদিক তাঁদের পেশাগত সীমাবদ্ধতার কথা আমাদের জানান। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে মিডিয়াকে প্রভাবমুক্ত রাখতে হবে।’
জনসভায় শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। এছাড়া এনসিপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।
এ সময় প্রধান অতিথির উপস্থিতিতে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::