নাম ও অনুষদ বদলে নতুন যাত্রা জাককানইবির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের

নাম ও অনুষদ বদলে নতুন যাত্রা জাককানইবির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,চৈতী রাণী রায়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের নতুন নাম হবে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’। একই সঙ্গে বিভাগটিকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।
রোববার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদা। তিনি জানান, কমিটির প্রতিবেদনের আলোকে একাডেমিক কাউন্সিলে নাম ও অনুষদ পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত ৪৭তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত বাস্তবতা বিবেচনা করে বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের প্রস্তাব একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। বিষয়টি এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”
বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য, বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ডিন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের সুপারিশ করা হয়।পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সর্বশেষ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী মহসিন হক শাহ বলেন, “বর্তমান বিশ্বে ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন একে অপরের পরিপূরক। বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন হলে একাডেমিক গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও বিস্তৃত হবে।”
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন মিললে আনুষ্ঠানিকভাবে বিভাগের নতুন নাম ও কাঠামো কার্যকর হবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::