নিউজ ডেস্ক : হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান এমএ মুনিম চৌধুরী বাবুর দ্বিতীয় স্ত্রী তানিয়া আক্তারের নামে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।বুধবার (২৭ জুলাই) একই উপজেলার বাসিন্দা সুফিয়া বেগম নামে এক নারী বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।এতে আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক ঝুমু সরকার হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের জন্য আদেশ দিয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার আব্দুল হামিদ বলেন, তানিয়া আক্তারের নামে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এখন এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। এ বিষয়ে সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বলেন, আমার স্ত্রী মামলার বাদীর ভাইকে বিয়ের আশ্বাস দিয়ে টাকা নিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করিয়েছে। সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু গত ১৫ মে তানিয়া আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন। তানিয়া নবীগঞ্জ উপজেলার সাতাইহাল মোকামপাড়া গ্রামের কণা মিয়ার মেয়ে।