নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী রোববার (৫ জুন) বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।বুধবার সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আসন্ন অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হবে।ফলে গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘস্থায়ী হবার কথা রয়েছে। তবে স্পিকারের সভাপতিত্বে সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় আসন্ন অধিবেশনের কার্যক্রম এবং কতদিন চলবে তা নির্ধারণ করা হবে।এদিকে গত ২৮ মার্চ একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলে। ওই অধিবেশনে ১০টি স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। এছাড়া কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাব (সাধারণ) এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শাহজাহান খান এ প্রস্তাবটি উত্থাপন করেন।