নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজা (৫৫) নামে এক চালককে জবাই করে হত্যার পর তার ইজিবাইক ছিনিয়ে নিয়েছেন দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৯ জুন) ভোরে ফতুল্লার ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনের সড়কে এ ঘটনা ঘটে।নিহত রাজা ফতুল্লার মাসদাইর এলাকায় কাজি বাড়ির গলিতে ভাড়া বাসায় থাকতেন। তিনি ওই এলাকার জামাল শেখের ইজিবাইক ভাড়ায় চালাতেন। স্থানীয়রা জানান, রাজা মিয়া ৮ বছর বয়সি ছেলে সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন আগে তার স্ত্রী মারা যান। এজন্য রাজা মিয়া দিনের বেলায় ছেলেকে দেখাশোনা করতেন আর রাতে তাকে ঘুম পাড়িয়ে বাসায় রেখে ইজিবাইক চালাতেন। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, ধারণা করা হচ্ছে ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চেষ্টা করেন। এ সময় হয়তো চালক রাজা মিয়া তাদের বাধা দেন। ওই সময় রাজা মিয়ার গলায় এবং শরীরের আরও কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়। এরপর রাজা মিয়ার ইজিবাইকটি ছিনিয়ে নেওয়া নেন ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের সন্ধানে অভিযান চলছে।