সয়াবিন তেলের দাম আরো বেড়েছে

সয়াবিন তেলের দাম আরো বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিনের পাশাপাশি খোলা সয়াবিনের দামও বেড়েছে। বেড়েছে খোলা পাম অয়েলের দামও। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি )-এর হিসাবেই গত এক সপ্তাহে খোলা সয়াবিনের দাম বেড়েছে দুই দশমিক ১৯ শতাংশ। খোলা পাম ওয়েলের দাম বেড়েছে এক দশমিক দুই শতাংশ। আর পাঁচ লিটার সয়াবিনের দাম বেড়েছে এক দশমিক ৬৮ শতাংশ। ডাল, ময়দা, মসলার মতো অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়ছে। বাজারের তথ্য বলছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার সয়াবিনের দাম বেড়েছে দুই টাকা করে। গত সপ্তাহে পাঁচ লিটারের বোতলের দাম ছিল ৬২০ টাকা। এই সপ্তাহে সেই সয়াবিন বিক্রি হচ্ছে ৬৩০ টাকায়। অর্থাৎ পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ১০ টাকা। প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে ৬০০ টাকায় পাওয়া যেত এই সয়াবিন। দুই সপ্তাহের ব্যবধানে পাঁচ লিটারের বোতলের দাম বেড়েছে ৩০ টাকা। এ ছাড়া এখন এক লিটার বোতল ১৪০ টাকা পর্যন্ত উঠেছে। যদিও কয়েক মাস আগে এই তেলের দাম ছিল ১০৫ টাকা। এ প্রসঙ্গে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় থাকা মনিরুল ইসলাম জানান, তার জীবনে সয়াবিনের দাম এতটা বৃদ্ধি হওয়ার ঘটনা দেখেননি। তিনি বলেন, শুধু সয়াবিনের দামই নয়, অন্যান্য জিনিসপত্রের দামও বেড়েছে। রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায়, দাম বাড়ার তালিকায় রয়েছে আদা, ময়দা, হলুদ, তেজপাতাও। কেজিতে ২০ টাকা বেড়ে আমদানি করা আদা এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ৩৬ টাকা কেজি খোলা ময়দা বিক্রি হচ্ছে ৩৮ টাকা দরে। ১৭০ টাকা কেজি হলুদ এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। ১২০ টাকা কেজি বিক্রি হওয়া তেজপাতা এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকা। ১৩০ টাকা কেজি ধনে এখন বিক্রি হচ্ছে ১৭০ টাকা। এছাড়াও দাম বেড়েছে ব্রয়লার মুরগির। এদিকে টিসিবির হিসাবে, গত এক সপ্তাহে হলুদের দাম বেড়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ। তেজপাতার দাম বেড়েছে ১৩ শতাংশ এবং ধনের দাম বেড়েছে ২১ শতাংশ। এর বাইরে মসুর ডাল ও অ্যাংকর ডালের দামও কিছুটা বেড়েছে। শুধু তা-ই নয়, সবজির বাজারও ধীরে ধীরে অস্থির হচ্ছে। বাজারের তথ্য বলছে, চালের দাম এখনও রয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে। গরিবের মোটা চালের দাম এখনও ৪৬ টাকা থেকে ৫০ টাকা কেজি। চিকন বা সরু চালের কেজি এখন ৬২ থেকে ৬৫ টাকা। আর মাঝারি আকারের চালের দাম প্রতি কেজি ৫৫ থেকে ৫৮ টাকা। সব মিলিয়ে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ প্রসঙ্গে রাজধানীর মানিকনগর এলাকায় বসবাসকারী আবদুল হাকিম আলী জানান, সীমিত আয়ের মানুষদের জন্য নিত্যপণ্য কেনাও যেন এখন কঠিন ব্যাপার। তার মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে যেকোনও সময়ের চেয়ে বেশি। অবশ্য হঠাৎ বেড়ে যাওয়ার পর পঁয়াজের দাম আবার কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। এতে আবার আগের দামে ফিরল পেঁয়াজ। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা, যা গত সপ্তাহে এক লাফে ৪০ টাকায় উঠেছিল। তার আগে পেঁয়াজের কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছিল। খুচরার পাশাপাশি পাইকারিতেও সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে। গত সপ্তাহে ১৭৫ টাকা পাল্লা বিক্রি হওয়া পেঁয়াজ এখন ১২৫ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাবে পাইকারিতে এক কেজি পেঁয়াজের দাম পড়ছে ২৫ থেকে ২৭ টাকা। পেঁয়াজের দামের বিষয়ে কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মো. হুমায়ূন বলেন, সরবরাহ কম থাকায় গত সপ্তাহে পেঁয়াজের দাম একটু বেড়েছিল। এখন পেঁয়াজের সরবরাহ ঠিক হয়ে গেছে। বাজারে প্রচুর ভালো পেঁয়াজ আসছে। এ কারণে দামও কমেছে। মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, গত সপ্তাহে হুট করে পেঁয়াজের দাম বেড়ে যায়। পেঁয়াজের দাম আরও বাড়তে পারে এমন আশঙ্কায় বাড়তি কিনেছিলাম। কিন্তু আমি কেনার পর দিনই দাম কমে গেছে। এখন লোকসান দিয়ে সেই পেঁয়াজ বিক্রি করছি। তিনি বলেন, বাজারে প্রতিযোগিতা অনেক। ক্রেতা যেখানে কম দাম পাবে সেখান থেকে কিনবে। ভালো মানের দেশি পেঁয়াজের কেজি খুচরাই ৩০ টাকা বিক্রি করা হচ্ছে। অথচ গত সপ্তাহে পাইকারিতে এক কেজি পেঁয়াজ কেনা পড়ে ৩৫ টাকা। এদিকে পেঁয়াজের পাশাপাশি আলু ও ডিমের দাম কিছুটা কমেছে। খুচরা বাজারে এক কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকা, তা গত সপ্তাহে ২০ টাকায় উঠেছিল। আর গত সপ্তাহে ১০০ টাকা ডজন বিক্রি হওয়া ডিমের দাম কিছুটা কমে ৯০ থেকে ৯৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। ডিমের দামের বিষয়ে হাজীপাড়ার ব্যবসায়ী মো. সাবু বলেন, গত সপ্তাহে দাম বাড়ায় এক ডজন ডিম ১০০ টাকায় বিক্রি করি। এখন কম দামে কিনতে পারায় ৯০ টাকা ডজন বিক্রি করছি। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দামে খুব একটা হেরফের হয়নি। আগের মতো পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। শসার কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকার মধ্যে। শিমের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা। এছাড়া মুলার কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা, বেগুনের কেজি ৩০ থেকে ৪০ টাকা, পেঁপের কেজি ৩০ থেকে ৩৫ টাকা, গাজরের কেজি ১৫ থেকে ২৫ টাকা বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। ফুলকপি, বাঁধাকপি ও লাউয়ের দামও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের মতো ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা পিস। খিলগাঁওয়ের ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, শীতের সবজি এখনো ভরপুর পাওয়া যাচ্ছে। এ কারণে ক্রেতারা কম দামে সবজি কিনতে পারছেন। আরও মাসখানেক হয়তো সবজির এমন দাম থাকবে। তারপর দাম বেড়ে যেতে পারে। আর একবার দাম বাড়া শুরু হলে দেখবেন, দেখতে দেখতে সব ধরনের সবজির কেজি ৫০ টাকার ওপরে চলে যাবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নীলসাগর ট্রেনের কোচ লাইনচ্যূত, কারন অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন।

পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম