১৩ এপ্রিল ২০২৬
গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার এলাকায় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ সংক্রান্ত সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণকৃত লিফলেটে উল্লেখ করা হয়েছে, মহাসড়কে সিএনজি, ইজিবাইক, অটোরিকশা, ভ্যানসহ সব ধরনের তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। এসব যানবাহন মহাসড়কের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এগুলো চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় এবং প্রাণহানির ঝুঁকি তৈরি হয়।
লিফলেটে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মহাসড়কে অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে। একই সঙ্গে আইন লঙ্ঘনকারী যানবাহন জব্দ করার বিধানও রয়েছে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহাজাহান দৈনিক সমাচারকে জানান, সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধে জনস্বার্থে লিফলেট বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলতে হবে এবং ঝুঁকিপূর্ণ যানবাহন পরিহার করতে হবে। জনসচেতনতা বাড়লেই দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন
..