১৩ এপ্রিল ২০২৬
শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য ঘুড়ি র্যালীর আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংলগ্ন মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে প্রতি বছরের ন্যায় এবারও এ র্যালী অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজনটি উৎসর্গ করা হয় বিশিষ্ট নাট্যকার ও মঞ্চ নাট্য অভিনেতা, সুহৃদ নাট্য সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম নাছির উদ্দিন আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। র্যালীতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এলাকাজুড়ে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাবাসী সংগঠনের মহাসচিব শেখ খোদা বক্স, মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি শেখ শারোক আহমেদ, ঢাকাবাসী সংগঠনের আজীবন সদস্য শওকত আলী এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিসেস মুনিফা আক্তার মুনিরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হাজারীবাগ বটতলায় বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের অন্যতম কর্মকর্তা আকাশের নেতৃত্বে ঘুড়ি উড়ানোর আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে চৈত্র সংক্রান্তির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই তাদের মূল লক্ষ্য।
..