১২ এপ্রিল ২০২৬
ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি: আগামী ১৪ এপ্রিল কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সালাউদ্দিন আহমেদ টেকনাফ আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানস্থল ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন।
মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কাইয়ুমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তারা অনুষ্ঠানস্থলের নিরাপত্তা, মঞ্চ নির্মাণ, বসার ব্যবস্থা, যাতায়াত সুবিধা এবং সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে নির্ধারিত দিনে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে, কৃষি কার্ড বিতরণ কার্যক্রমকে ঘিরে টেকনাফের কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করবে এবং কৃষিখাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
..