১০ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ৪০ দিনের যুদ্ধকালীন সময়ে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইরানের অর্থনীতি ও অবকাঠামোগত খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, টানা হামলায় ইরানের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ সেতুসহ একাধিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বলে দাবি করা হয়েছে।
আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক ১৪০ থেকে ১৪৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ কোটি টাকার সমান বলে উল্লেখ করা হয়। এছাড়া বেসামরিক অবকাঠামো খাতে ব্যাপক ধ্বংসযজ্ঞের কথাও প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের রেডক্রস সোসাইটির প্রধান পিরহোসেন কোলিভান্ডের বরাতে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতিতে প্রায় ১ লাখ ২৫ হাজারের বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ আবাসিক ভবন এবং ২৩ হাজারের বেশি বাণিজ্যিক কেন্দ্র রয়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শত শত হাসপাতাল, ল্যাবরেটরি ও স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও বহু বিশ্ববিদ্যালয় ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা, বিমানবন্দর ও সামরিক অবকাঠামোতেও বড় ধরনের ক্ষতির কথা বলা হয়েছে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল–এর তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরানের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
সূত্র : আল আরাবিয়া।
..