১০ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক সমাচার ডেস্ক : লেবাননে চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করেছে ইরান। ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরানি প্রতিনিধি দল তেহরান ত্যাগ করেনি।
মধ্যপ্রাচ্যভিত্তিক বিশ্লেষক আব্বাস আসলানি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকায় ইরান এই মুহূর্তে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়। তার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কূটনৈতিক সংলাপ এগোবে না।
বিশ্লেষকদের মতে, লেবাননের বর্তমান পরিস্থিতি পুরো আলোচনাকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে এবং কূটনৈতিক অগ্রগতিকে থামিয়ে দিয়েছে।
এছাড়া, আলোচনার অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও অসন্তোষ রয়েছে তেহরানের। ধারণা করা হচ্ছে, পূর্বে প্রস্তাবিত একটি শান্তি কাঠামো থেকে সরে আসার ইঙ্গিত দেওয়ায় দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি আরও বেড়েছে।
পর্যবেক্ষকদের মতে, অতীত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইরানের ভেতরে সন্দেহ দীর্ঘদিনের। সাম্প্রতিক ঘটনাগুলো সেই সন্দেহকে আরও জোরদার করেছে।
অন্যদিকে, ইরানের অভ্যন্তরীণ জনমতও এই মুহূর্তে আলোচনার পক্ষে নয়। চলমান উত্তেজনার মধ্যে বারবার সংলাপে বসার যৌক্তিকতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, যা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে।
এ পরিস্থিতিতে ইসলামাবাদে সম্ভাব্য বৈঠক অনিশ্চিত হয়ে পড়েছে। এখন পর্যন্ত পাকিস্তান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ভবিষ্যৎ কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: আল জাজিরা
..