৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক সমাচার ডেস্ক : কয়েক মাস তুলনামূলক শান্ত থাকার পর আবারও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে দুজন পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, মেইতেই অধ্যুষিত বিষ্ণুপুর জেলার একটি বাড়িতে বোমা বিস্ফোরণে হিন্দু মেইতেই সম্প্রদায়ের দুই শিশু নিহত হয়েছে বলে মুখ্যমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দস কোন্থৌজাম বলেন, মঙ্গলবার একটি নিরাপত্তা ক্যাম্পে হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুইজন নিহত হন।
২০২৩ সালের মে মাসে অর্থনৈতিক সুযোগ-সুবিধা ও চাকরির কোটা নিয়ে মণিপুরের প্রভাবশালী হিন্দু মেইতেই সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৬০ জন নিহত এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সাম্প্রতিক ঘটনায় নিহত দুই শিশু মেইতেই সম্প্রদায়ের ছিল। সম্প্রদায়টির সদস্যরা এই হামলার জন্য কুকি জঙ্গিদের দায়ী করলেও কুকি গোষ্ঠীগুলো অভিযোগ অস্বীকার করেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং জানিয়েছেন, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। তার মতে, চলমান শান্তি প্রক্রিয়া নষ্ট করতেই কোনো পক্ষ এই হামলা চালিয়ে থাকতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আঞ্চলিক রাজধানী ইম্ফল ও আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে।
সূত্র : রয়টার্স।
..