ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি/ছবি : সংগৃহীত

৯ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক সমাচার ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।

লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ।

এই সংকটের মূল কারণ যুদ্ধবিরতির আওতা নিয়ে বিভ্রান্তি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, এই চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। তবে ইসরায়েলি সামরিক বাহিনী সেই দাবি অস্বীকার করে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে হরমুজ প্রণালিতে অধিকাংশ তেলবাহী ট্যাংকার চলাচল স্থগিত করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে সতর্ক করেছেন, হামলা বন্ধ না হলে তারা চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে।

উল্লেখ্য, এর আগে ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইরান সাময়িকভাবে প্রণালিটি খুলে দিয়েছিল, ফলে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমে। তবে পুনরায় বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে এবং বহু তেল ও গ্যাসবাহী জাহাজ আটকা পড়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

..

Leave a reply

Minimum length: 20 characters ::