নওগাঁর মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নওগাঁর মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মান্দায় তেল মজুত ও বেশি দামে বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও তেল জব্দ/ছবি : মাহবুবুজ্জামান সেতু

৮ এপ্রিল ২০২৬

মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় অবৈধভাবে তেল মজুত এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী বাজারে এই ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় র‌্যাবের একটি চৌকস দল তাকে সহযোগিতা করেন।

আদালত সূত্রে জানা যায়, দেলুয়াবাড়ী বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল (পেট্রোল) বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে ঘটনার সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযান চলাকালে একটি দোকানের পেছনে ৮ লিটার পেট্রোল লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট দোকানদার তেলের মালিকানা ও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়। অভিযুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া একই অভিযানে লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে আরও ৪টি মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বাজার অস্থির করার চেষ্টা করছেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমাদের এই কঠোর অবস্থান। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিয়মিত তদারকির মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন তারা।

..

Leave a reply

Minimum length: 20 characters ::