৮ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক সমাচার ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সম্প্রতি আমেরিকান নাগরিকদের আহ্বান জানিয়েছেন, যেন তারা মধ্যপ্রাচ্যে সামরিক সফলতার জন্য ‘যিশু খ্রিষ্টের নামে’ নিয়মিত প্রার্থনা করেন। তবে পোপ লিও চতুর্দশ এই বিষয়ে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।
পবিত্র বৃহস্পতিবারে রোমের ‘ব্যাসিলিকা অফ সেন্ট জন ল্যাটারান’-এ এক ধর্মীয় ভাষণে পোপ বলেছেন, খ্রিষ্টীয় শিক্ষা কখনও আধিপত্য বিস্তার বা সহিংসতার জন্য ব্যবহার করা উচিত নয়। তিনি বলেন, ইতিহাসে খ্রিস্টীয় মিশন কখনও কখনও লালসা ও ক্ষমতার জন্য বিকৃত হয়েছে, যা যিশুর আদর্শের বিপরীত।
পোপ লিও ইতোমধ্যেই ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি বোমাবর্ষণের পর থেকে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, খ্রিস্টধর্মকে এমন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে যা ক্যাথলিক শিক্ষার সঙ্গে মিলিত নয়।
তিনি আরও বলেন, “আমরা যখন আধিপত্য বিস্তার করি, তখন নিজেদের শক্তিশালী মনে করি; যখন অন্যকে ধ্বংস করি, তখন বিজয়ী মনে করি। কিন্তু ঈশ্বর আমাদের উদাহরণ দিয়েছেন মুক্তি দানে, জীবন দানে।”
পোপ লিও এর আগে মার্চ মাসে সতর্ক করেছেন যে যিশু যুদ্ধের জন্য প্রার্থনা করেন না, বরং সহিংসতাকে প্রত্যাখ্যান করেন। প্রথম বর্ষে তিনি সরাসরি রাজনৈতিক সংঘাতে না জড়ানোর চেষ্টা করছেন, তবে প্রভাব ব্যবহার করে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। উদাহরণস্বরূপ, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির সময় পোপ মার্কিন বিশপদের অভিবাসীদের পাশে থাকার জন্য উৎসাহ দিয়েছেন।
সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে শুনেছেন এবং আশা করেন সহিংসতা ও বোমাবর্ষণ কমানোর পথ খুঁজবেন। পোপ নিজে ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেননি, তবে ভ্যাটিকান জানিয়েছে, তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য সংলাপ ও সংঘাত অবসানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন
সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস
..