দেশে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যকর্মীরা তৎপর/ছবিঃ দ্য ডেইলি স্টার

৭ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৯৭৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১৭টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হিসেবে আরও ১১৩ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন হিসেবে আরও ১০ শিশুর মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এ সময়ে হামের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু, যাদের মধ্যে ৫৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২১ দিনে সারা দেশে মোট ৯২৯ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এই সময়েই নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭-তে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৬১০ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৩ হাজার ৩৮০ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের বিস্তার অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::