৫ এপ্রিল ২০২৬
ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পৃথক দুটি মামলায় যাবজ্জীবন ও ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) দিনব্যাপী টেকনাফ থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) মাধব মজুমদার ও এএসআই (নিঃ) কামরুল আরেফিনসহ একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে এসটি-১২১২/২০২২ ও জিআর-৫০১/২০২১ নম্বর মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড) আসামি মোহাম্মদ আব্দুল্লাহকে টেকনাফের শিলবনিয়া পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, দায়রা-৩৭০০/১৬ ও জিআর-১৪৫/১৬ নম্বর মামলায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) খেফায়েত উল্লাহকে উত্তর লেঙ্গুরবিল এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উভয় আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং তাদের বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল।
গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দের কার্যক্রম চলমান রয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
..