২ এপ্রিল ২০২৬
সমাচার ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশের আকাশসীমায় দুটি লাল-সবুজ রঙের ড্রোন ওড়তে দেখা গেছে। প্রায় এক ঘণ্টা চলা এই ঘটনার কারণে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ড্রোনগুলো সম্ভবত মিয়ানমারের দিক থেকে এসেছে এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “আজ সন্ধ্যা ৭টার দিকে জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে দুটি লাল-সবুজ ড্রোন ওড়তে দেখা গেছে। ধারণা করছি, এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে। সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হতে পারে। এই পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।”
দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আজিম জানান, “রাতের আকাশে ড্রোন উড়তে দেখে লোকজন জড়ো হন এবং পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। এগুলো সম্ভবত মিয়ানমারের দিক থেকে এসেছে এবং আরাকান আর্মির হতে পারে।”
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বাড়ায় এ ধরনের ড্রোন কার্যক্রম বাংলাদেশের আকাশসীমা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্ত নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন।
..