হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের প্রস্তাব ‘অবাস্তব’: তীব্র সমালোচনায় ইমানুয়েল ম্যাক্রোঁ

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের প্রস্তাব ‘অবাস্তব’: তীব্র সমালোচনায় ইমানুয়েল ম্যাক্রোঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।ছবি: সংগৃহীত

২ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি সামরিক শক্তির মাধ্যমে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাবকে স্রেফ ‘অবাস্তব’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মিত্র দেশগুলো কেন ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে না—এ নিয়ে ট্রাম্পের ক্রমাগত ক্ষোভ প্রকাশের মধ্যেই তিনি এক ভাষণে অন্যান্য দেশগুলোকে হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার আহ্বান জানান। তার এই মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এ প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া সফরে থাকা ম্যাক্রোঁ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক হরমুজ প্রণালি উন্মুক্ত করার ধারণা বাস্তবসম্মত নয়। তার মতে, এই গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবার আগে যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করা প্রয়োজন।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক আশ্বাসমূলক মিশনের আওতায় বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে সামরিক পাহারা থাকতে পারে, তবে সরাসরি যুদ্ধ কোনো সমাধান নয়।

সরাসরি সামরিক সংঘাতে অংশ নেওয়ার বিষয়ে ফ্রান্সের অবস্থান পরিষ্কার করে ম্যাক্রোঁ জানান, ট্রাম্পের বারবার অনুরোধ সত্ত্বেও ফ্রান্স এই যুদ্ধে অংশ নেবে না। তিনি এই সংঘাতকে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

চলমান এই সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়েও সন্দেহ প্রকাশ করেন ম্যাক্রোঁ। তিনি একে ‘গুরুত্বহীন’ আখ্যা দিয়ে বলেন, নিরপেক্ষ আন্তর্জাতিক তদারকি ছাড়া এ ধরনের অভিযানের কোনো কার্যকারিতা নেই।

ইরানের পারমাণবিক সক্ষমতা প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, দেশটিতে এখনো দক্ষ বিশেষজ্ঞ ও গোপন স্থাপনা রয়েছে। ফলে স্বল্পমেয়াদি সামরিক হামলা দিয়ে দীর্ঘমেয়াদে এই সংকটের সমাধান সম্ভব নয়।

ট্রাম্পের নীতিগত অবস্থানের সমালোচনা করে ম্যাক্রোঁ বলেন, “কেউ যদি কোনো বিষয়ে সত্যিই গুরুত্ব দেন, তাহলে প্রতিদিন আগের দিনের বক্তব্যের বিপরীত কথা বলা উচিত নয়।”

সূত্র: সিএনএন

..

Leave a reply

Minimum length: 20 characters ::