সাজেকে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের তান্ডব

সাজেকে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের তান্ডব

মো: রাকিব হাসান: রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি-তে গত ২৯ মার্চ গভীর রাতে আকস্মিক কালবৈশাখী ঝড় আঘাত হানে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সঙ্গে তীব্র দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের ফলে অন্তত দুই ডজনের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি পরিবার ক্ষতির মুখে পড়ে।
ঝড়ের সময় অনেক ঘরের টিনের চাল উড়ে যায় এবং কাঁচা ঘর আংশিক বা সম্পূর্ণ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই সাময়িকভাবে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

এ ঘটনার একদিন পর, অর্থাৎ গতকাল ৩০ মার্চ রাতেও পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত দেখা যায়। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ওই সময় এলাকায় মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা ছিল, যা বাস্তবে রূপ নেয়। সাজেকের রুইলুই পাড়া, হ্যালিপেড ও কংলাক পাহাড়ে অবস্থানরত পর্যটকরা এসময় দ্রুত তাদের হোটেল ও রিসোর্ট গুলো তে আশ্রয় নেন।

আবহাওয়া বিশ্লেষকদের মতে, মার্চের শেষ দিকে তাপমাত্রা বৃদ্ধি এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রবণতা বেড়ে যায়। এর ফলে স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী ঝড় সৃষ্টি হয়ে স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঝড়ো আবহাওয়ার সময় পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::