টেকনাফে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

টেকনাফে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে, যারা মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল/ছবিঃ ফরহাদ রহমান

৩১ মার্চ ২০২৬

সমাচার ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে—সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে আটকে রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, মানবপাচার প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::