নওগাঁর মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

নওগাঁর মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

৩০ মার্চ ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রসাদপুর বাজারে মরা গরুর মাংস বিক্রি হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালানো হয়। তবে প্রাথমিক তদন্তে মরা গরুর মাংস বিক্রির সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। কিন্তু পশু জবাইয়ের আগে সরকারি ভেটেরিনারি কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনীয় পরীক্ষা ও স্বাস্থ্যগত প্রত্যয়ন না নেওয়ায় সংশ্লিষ্ট কসাইকে শাস্তির আওতায় আনা হয়।

এ সময় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ লঙ্ঘনের দায়ে ওই মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেয় আদালত।

অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান, জনস্বার্থে এবং মাংসের মান নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তদারকি ও বাজার অভিযান অব্যাহত থাকবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::