মৌলভীবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ! কেড়ে নিল দুটি তাজা প্রাণ

মৌলভীবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ! কেড়ে নিল দুটি তাজা প্রাণ

৩০ মার্চ ২০২৬

ব্যুরো প্রধান সিলেট  ঃ মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে সড়কের সিরাজনগর এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার প্রচণ্ড সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

​নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গলের জানাউরা এলাকার বাসিন্দা আব্দুল হান্নান। অপর নিহতের নাম রুহুল আমীন বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত আরও তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে এবং বাকি দুইজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::