৩০ মার্চ ২০২৬
আশরাফুল আলম সরকার-গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের পূবাইলে বহুল আলোচিত ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি মোঃ মমতাজ আলী (৩৯) কে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২৯ মার্চ ২০২৬) রাতে লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার ভোটমারি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১ (গাজীপুর) এবং র্যাব-১৩ (রংপুর) এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মমতাজ আলী লালমনিরহাটে আত্মগোপনে রয়েছে। এরই প্রেক্ষিতে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ভোটমারি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ১১ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে।
আসামি মমতাজ আলীসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ইজিবাইক চালক শাহাবুল ইসলাম (৪৭)-কে চেতনানাশক পদার্থ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মার্চ বিকাল ৪টা ২৫ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ মাহাবুল ইসলাম বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলাটি (নং-১২, তারিখ: ১৯/০৩/২০২৬) পেনাল কোডের ৩২৮/৩৭৯/৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়েও দ্রুত সময়ের মধ্যে জটিল ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বাহিনীটি
..