স্বপ্নের ইউরোপ যাত্রা যখন মৃত্যুফাঁদ ভূমধ্যসাগরে সলিল সমাধি সুনামগঞ্জের ১০ যুবকের

স্বপ্নের ইউরোপ যাত্রা যখন মৃত্যুফাঁদ ভূমধ্যসাগরে সলিল সমাধি সুনামগঞ্জের ১০ যুবকের

ব্যুরো প্রধান সিলেট: গ্রিস যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি হয়েছে ১০ বাংলাদেশির। লিবিয়া উপকূল থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে ১০ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

​নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণে বেঁচে যাওয়া এক যুবকের ভিডিও ছড়িয়ে পড়লে নিহতের বিষয়টি জানাজানি হয়। ওই ভিডিওতে দেখা যায় উদ্ধার হওয়া কিশোরগঞ্জের এক যুবক জানাচ্ছেন তাদের বড় নৌকার কথা বলে ছোট ও ঝুঁকিপূর্ণ একটি নৌকায় তুলে দেওয়া হয়েছিল। ওই নৌকায় ৩৮ জন বাংলাদেশি ও ৫ জন সুদানি নাগরিক ছিলেন। ইঞ্জিন বিকল হয়ে এবং বৈরী আবহাওয়ায় ১৮ জন বাংলাদেশি মারা যান। মরদেহগুলো দুই দিন নৌকায় রাখার পর পচে দুর্গন্ধ ছড়ালে সাগরে ভাসিয়ে দেওয়া হয়।

​সুনামগঞ্জের নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে জগন্নাথপুর উপজেলারই রয়েছেন ৫ জন। তারা হলেন পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান ৩৫ টিয়ারগাঁও গ্রামের শায়ক মিয়া ২০ কবিরপুর গ্রামের নাঈম মিয়া ২২ ইছগাঁওয়ের আলী হোসেন ২৫ এবং বাউরি গ্রামের ইবাদত হক সুহানুর ২২। দিরাই উপজেলার ৪ জন হলেন তারাপাশা গ্রামের নুরুজ্জামান সর্দার ময়না ৩০ একই গ্রামের মো সাজিদুর রহমান ২৮ মো সাহান ২৫ এবং রনারচর গ্রামের মুজিবুর রহমান ৪০। এছাড়া দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফাহিম আহমেদ মুন্না ২০ নামের আরও একজন নিহতের খবর পাওয়া গেছে। দিরাইয়ের তারেক ২২ নামের অপর এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন।

​নিহত নুরুজ্জামান ময়নার মামা উমেদ আলী জানান দিরাইয়ের তারাপাশা গ্রামের মুজিবুর রহমান নামের এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকা চুক্তিতে তারা গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। উন্নত জীবনের আশায় ধারদেনা করে টাকা জোগাড় করলেও দালালদের প্রতারণায় আজ তাদের প্রাণ দিতে হলো।

​দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার এবং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তারা স্থানীয়ভাবে নিহতদের সঠিক সংখ্যা ও পরিচয় যাচাই করছেন। এদিকে এই ঘটনার পর দালালচক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল ও শোকসন্তপ্ত পরিবারগুলো।

..

Leave a reply

Minimum length: 20 characters ::