নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বটির কোপে আশরাফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ছোট ভাই বাবুকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে এই বিরোধ নিয়ে তাদের মধ্যে ফের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই বাবু ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বটি এনে বড় ভাই আশরাফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর জখম হন।
ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর গ্রাম পুলিশের সহায়তায় স্থানীয়রা অভিযুক্ত বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
তিনি আরও বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তুচ্ছ পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
..