নওগাঁর মান্দায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই খুন

নওগাঁর মান্দায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই খুন
নিহত বড় ভাই আশরাফুল ইসলাম ফুলন (৪৫) ছবিঃ সংগৃহীত

২৮ মার্চ ২০২৬

মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই আশরাফুল ইসলাম ফুলন (৪৫) খুন হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফুলন ওই গ্রামের ময়েজ উদ্দিন প্রামাণিকের বড় ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই বাবু পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সকালে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই বাবু উত্তেজিত হয়ে ঘর থেকে বটি এনে বড় ভাই ফুলনের পেটে আঘাত করেন। এতে ফুলন মারাত্মকভাবে জখম হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তুচ্ছ ঘটনায় এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবু পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::