শনিবার ,(২৮ মার্চ ২০২৬)
সমাচার ডেস্ক : গ্রামীণ ও নগর উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত উন্নয়ন কার্যক্রম বিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে হলে দেশপ্রেম বৃদ্ধি এবং কাজের মানোন্নয়নের ওপর জোর দিতে হবে। তিনি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামভিত্তিক ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতে প্রকল্পের সংখ্যা সীমিত রেখে বৃহৎ পরিসরের সমন্বিত প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। এতে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সহজ হবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে প্রামাণ্যচিত্রের মাধ্যমে এলজিইডির সংক্ষিপ্ত ইতিহাস ও চলমান কার্যক্রম তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে সচিব বলেন, এলজিইডির প্রকল্পসমূহের কাজের গুণগত মান বৃদ্ধি, সরকারি অর্থের অপচয় রোধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান (এনডিসি) এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
সভায় এলজিইডির বিভিন্ন চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সেগুলোর গতি বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বাক্ষরিত
হৃদয় মাহমুদ চয়ন
জনসংযোগ কর্মকর্তা
মন্ত্রীর দপ্তর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।