রাস্তার পাশেই সন্তান প্রসব: রাজাপুরে ফুটফুটে কন্যা শিশুর জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

রাস্তার পাশেই সন্তান প্রসব: রাজাপুরে ফুটফুটে কন্যা শিশুর জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

২৬ মার্চ, ২০২৬

মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধী : ঝালকাঠির রাজাপুরে রাস্তার পাশেই এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগড়ি বাজার সংলগ্ন প্রান্ত ফিলিং স্টেশনের সামনে এই অলৌকিক ও মানবিক ঘটনাটি ঘটে। বর্তমানে মা ও নবজাতক উভয়ই রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে ওই নারীকে বাগড়ি বাজার এলাকায় লক্ষ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে হঠাৎ ওই নারীকে প্রসবব্যথায় কাতরাতে দেখেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী রুবেল হাওলাদার জানান, প্রসবব্যথা নিয়ে হাঁটতে গিয়ে তিনি রাস্তার ওপরই পড়ে যান এবং সেখানেই এক ফুটফুটে কন্যাসন্তান প্রসব করেন।

​ঘটনার পরপরই অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারী নিস্তেজ হয়ে পড়লে স্থানীয়রা মানবিকতা প্রদর্শন করে দ্রুত মা ও নবজাতককে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মা ও শিশু দুইজনেই বিপদমুক্ত। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তমাল হালদার বলেন, “সকালে স্থানীয়রা মা ও শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নবজাতকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।

মায়ের নাম ‘মমতাজ’ বলে জানা গেছে, তবে এর বেশি কোনো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।”হাসপাতালের ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্স ছালমা বেগম জানান, মানবিক দিক বিবেচনায় মায়ের সার্বক্ষণিক দেখভালের জন্য একজন আয়া নিয়োগ করা হয়েছে। তিনি যাতে অসুস্থ অবস্থায় কোথাও চলে যেতে না পারেন এবং পর্যাপ্ত সেবা পান, তা নিশ্চিত করা হচ্ছে।

​এদিকে, পরিচয়হীন এই মা ও নবজাতকের ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সহমর্মিতার সৃষ্টি হয়েছে। প্রশাসন বা কোনো হৃদয়বান ব্যক্তি এই অসহায় মা ও শিশুর পাশে দাঁড়াবেন—এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

..

Leave a reply

Minimum length: 20 characters ::