ডেস্ক নিউজ: ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের ৮২তম ধাপ শুরু করা করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে শুরু হওয়া এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। পাশাপাশি ডেড সির দক্ষিণাঞ্চলে অবস্থিত ইসরায়েলের পারমাণবিক সংশ্লিষ্ট শিল্প স্থাপনাগুলোকেও লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে চলমান সংঘাত নিয়ে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান চুক্তি করতে মরিয়া। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তারা শুধুমাত্র মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে, কিন্তু কোনো সরাসরি আলোচনায় বসার পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরান জানিয়েছে, সরাসরি আলোচনা না হলেও বিভিন্ন ‘মধ্যস্থতাকারী দেশের’ মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে। আরাগচি বলেন, বন্ধু দেশগুলোর মাধ্যমে বার্তা দেওয়া ও অবস্থান জানানোকে আলোচনা বলা যায় না।
অন্যদিকে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানের নেতারা গোপনে আলোচনা করছে এবং তারা চুক্তি করতে চায়। কিন্তু নিজেদের জনগণ ও যুক্তরাষ্ট্র উভয়ের ভয়ে তা প্রকাশ করছে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু হয়। এ সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দেশটিতে হামলা চালায়। এরপর থেকে ইরান ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোর ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সংঘাতের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এ ঘটনার পর তার স্থলাভিষিক্ত হন তার ছেলে মোজতবা খামেনি।
এদিকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, পাকিস্তান যুক্তরাষ্ট্রকে ইরানের শীর্ষ নেতাদের ওপর হামলা না চালাতে অনুরোধ করেছে। আলোচনার সুযোগ বজায় রাখতে এ অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার বিষয়টিও এখনো বিবেচনায় রয়েছে।
..