মান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য কর্মসূচি: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

মান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য কর্মসূচি: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের চকউলী বাজারে পরিত্যক্ত দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। প্রশাসনের নজরদারি এড়িয়ে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার কাশোঁপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমের নেতৃত্বে একদল নেতাকর্মী চকউলী বাজারে জড়ো হন। সেখানে তারা পরিত্যক্ত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন। কর্মসূচিতে মিঠু, হেলাল, সুমন, আতাব ও আলেফসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বেশ কয়েকজন সক্রিয় নেতাকর্মীকে দেখা যায়।

৫ আগস্ট সরকার পতনের পর থেকে এসব নেতাকর্মী আত্মগোপনে থাকলেও স্বাধীনতা দিবসের সুযোগে তারা প্রকাশ্যে এসে শক্তি প্রদর্শনের চেষ্টা করে বলে দাবি করছেন স্থানীয়রা।
নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য তৎপরতায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, “দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ আমাদের কোনো রাজনৈতিক কার্যক্রম করতে দেয়নি, এমনকি এলাকাতেও থাকতে দেয়নি। আজ তারা নিষিদ্ধ হওয়ার পরও প্রশাসনের নাকের ডগায় কীভাবে এমন ধৃষ্টতা দেখায়? এটি বর্তমান প্রশাসনের চরম ব্যর্থতা।”

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে কাশোঁপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, “কেন্দ্রীয় কোনো দলীয় নির্দেশনা ছিল না। তবে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ব্যক্তিগত উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা ও পতাকা উত্তোলন করেছি।”

এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তিনি বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কেউ যদি কোনো কার্যক্রম করে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ এ বিষয়ে সর্বাত্মক তৎপর রয়েছে।”

..

Leave a reply

Minimum length: 20 characters ::