মতিন বকস: ঢাকার ট্রাফিক জ্যাম কমাতে সরকার কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। আমার প্রশ্ন হলো—এসব সিদ্ধান্ত কতটা সহজে বাস্তবায়ন করা যাবে? এবং বাস্তবায়ন হলেও আদৌ কি যানজট কমবে?
মানুষ যদি চাকরি, চিকিৎসা বা পরীক্ষার জন্য ঢাকায় আসতে বাধ্য না হয়, তাহলে স্বাভাবিকভাবেই চাপ কমবে। তাই ঢাকাকে বিকেন্দ্রীকরণ (ডিসেন্ট্রালাইজ) করা অত্যন্ত জরুরি। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সব কাজ ঢাকায় কেন্দ্রীভূত না রেখে কিছু বিভাগীয় শহরে স্থানান্তর করা উচিত। যেমন—বন বিভাগ, এলজিআরডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, হাইকোর্টের কিছু শাখা ইত্যাদি ঢাকার বাইরে নেওয়া যেতে পারে।
মূল মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় ছাড়া অন্যান্য পাবলিক রিলেশন অফিসগুলো ঢাকার বাইরে বা আশপাশের এলাকায়—যেমন আশুলিয়া, পূর্বাচল, নরসিংদী, গাজীপুরে স্থাপন করা যেতে পারে। এতে করে ঢাকার ওপর চাপ অনেকটাই কমবে।
সরকারের প্রস্তাবিত ৭টি সিদ্ধান্ত হলো—
১. ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল দেশীয় প্রযুক্তিতে অটোমেশন করা হবে।
২. শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস তৈরি করা হবে।
৩. যত্রতত্র থাকা বাস কাউন্টার সরিয়ে শহরের বাইরে পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপন করা হবে, যা সিটি সার্ভিসের সাথে সংযুক্ত থাকবে।
৪. রাস্তার দু’পাশ দখলমুক্ত করা হবে এবং রাস্তার মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলা হবে।
৫. শহরের ভেতরের লেভেল ক্রসিংগুলোতে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি অটো সিগন্যাল লাইটিং চালু করা হবে।
৬. সিটি বাসগুলোকে জিপিএস (GPS) সিস্টেমের আওতায় আনা হবে।
৭. অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) এবং হাসপাতাল এলাকায় লিফট স্থাপন করা হবে।
ঢাকার জনসংখ্যা ও ধারণক্ষমতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি (কমপক্ষে ১০০ বছরের) পরিকল্পনা করা জরুরি, যাতে এই শহর আর যানজটের শহর না থাকে। ইতোমধ্যে ঢাকা তার ধারণক্ষমতার বাইরে চলে গেছে।
নামী স্কুল, বিশ্ববিদ্যালয়, উন্নত চিকিৎসা ও বড় অফিসগুলো ঢাকায় কেন্দ্রীভূত হওয়ায় মানুষ বাধ্য হয়ে এখানে ছুটে আসে। এছাড়া নদীভাঙনের কারণে গৃহহীন মানুষও জীবিকার সন্ধানে ঢাকায় আসে এবং অনেকেই ফুটপাত বা নিম্নমানের কলোনিতে বসবাস করে। এতে করে যানজট যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
সবচেয়ে আগে প্রয়োজন ঢাকার বাইরে কর্মসংস্থান সৃষ্টি করা। “সবাই ঢাকায় যাবে” — এই প্রবণতা থেকে সরে আসতে হবে। প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কিছু অফিস ছাড়া অধিকাংশ সরকারি সেবা ঢাকার বাইরে নিয়ে গেলে দেখা যাবে, অন্তত ৫০% যানজট এমনিতেই কমে যাবে।
..