২৫ মার্চ ২০২৬
ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে গ্রেফতার হয়েছেন বিভিন্ন মামলার ৯ জন আসামি। এর মধ্যে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিরা রয়েছেন।
বুধবার (২৫ মার্চ ২০২৬) দিনব্যাপী টেকনাফ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে চৌকশ পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান টিমে ছিলেন এসআই (নিঃ) আব্দুস সালাম, এএসআই (নিঃ) সুকান্ত পাল, এএসআই (নিঃ) আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) মানস বড়ুয়া ও এএসআই (নিঃ) কামরুল আরেফিনসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ৭ বছর ও ১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩টি জিআর মামলার আসামি এবং ৮টি জিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এসব পরোয়ানার বিপরীতে ৬ জনকে আটক করা হয়। পাশাপাশি নিয়মিত মামলায় আরও ২ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সবমিলিয়ে ১১টি পরোয়ানার বিপরীতে মোট ৯ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
..