টেকনাফে গণহত্যা দিবস পালিত

টেকনাফে গণহত্যা দিবস পালিত
টেকনাফ পৌর শহরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়-ছবিঃ ফরহাদ রহমান

২৫ মার্চ ২০২৬

ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : মহান স্বাধীনতার সূচনালগ্নে সংঘটিত বর্বরতম গণহত্যার স্মৃতিবিজড়িত ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গণহত্যায় নিহত শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (২৫ মার্চ) সকালবেলা টেকনাফ পৌর শহরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যের প্রথম আলো ফুটতেই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে নীরবতা নেমে আসে, আর সেই নীরবতার মধ্যেই একে একে উপস্থিত হন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন।

প্রথমে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিম। এরপর সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সকলের চোখে-মুখে ছিল গভীর শোক ও বেদনার ছাপ। বক্তারা বলেন, ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছিল, তা ইতিহাসের এক নৃশংস অধ্যায়। এই দিবস জাতির জন্য শোকাবহ হলেও একই সঙ্গে স্বাধীনতার চেতনাকে নতুন করে জাগ্রত করে।

তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং শহীদদের আত্মত্যাগের মূল্যবোধ ধারণ করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::